নিরালা মোড়ের ঐতিহাসিক রওশন সিনেমা হলটি ১৯৫০ সালে টাঙ্গাইলের চলচ্চিত্রপ্রেমী জনাব লেবু চৌধুরী এবং তার কয়েকজন বন্ধু মিলে প্রতিষ্ঠা করেছিলেন। চালুর পর টানা ৪৬ বছর ধরে এটি টাঙ্গাইলবাসীর বিনোদনের অন্যতম প্রধান কেন্দ্র ছিল। পরবর্তীতে, ১৯৯৬ সালে দেশীয় চলচ্চিত্রে ব্যবসায়িক মন্দা ও অশ্লীলতা দেখা দিলে হলটি বন্ধ করে দেওয়া হয়। জনাব লেবু চৌধুরীর স্মৃতি এবং টাঙ্গাইলের মানুষের চলচ্চিত্রের প্রতি ভালোবাসাকে সম্মান জানিয়ে ঠিক সেই জায়গাতেই ‘নিউ রওশন টকিজ’ নামে ১৩৬ আসনের আধুনিক হল চালু করলেন বিশিষ্ট নাট্য ও চলচ্চিত্র নির্মাতা এবং অভিনেতা তানভীর হোসেন প্রবাল এবং এটি বাস্তবায়নে সাহায্য করছে এমবিএসটিইউ ফিল্ম সোসাইটি’র এক ঝাঁক তরুণ তরুণী। টাঙ্গাইলের প্রাণকেন্দ্র নিরালা মোড়ের সিডিসি মার্কেট বিল্ডিংয়ে করোনেশন ড্রামাটিক ক্লাব অডিটোরিয়ামকে নতুন রূপে আধুনিক সুযোগ সুবিধাসহ সিনেমা হলটি নির্মাণ করা হয়েছে।
“নিউ রওশন টকিজ” সিনেমা হলের কর্ণধার তানভীর হোসেন প্রবাল জানান, ঢাকার বড় বড় মাল্টিপ্লেক্স বা সিনেপ্লেক্সের মতো সকল আধুনিক সুযোগ-সুবিধা এখানে নিশ্চিত করা হয়েছে। টাঙ্গাইল ও দেশের চলচ্চিত্র শিল্পের উন্নয়নে তাদের এই বিশেষ উদ্যোগ। ভবিষ্যতে টাঙ্গাইলের বন্ধ হয়ে যাওয়া বাকি ৫টি হলকেও তিনি নিজ উদ্যোগে চালু করতে চান। হলটিতে মোট আসন সংখ্যা ১৩৬টি। ৪টি ভিন্ন ক্যাটাগরিতে আরামদায়ক ও উন্নত মানের আসন দিয়ে সাজানো হয়েছে। তিনি জানান দর্শকদের সিনেমা দেখার সেরা অভিজ্ঞতা দিতে হলটিতে থাকছে সম্পূর্ণ ডিজিটাল 4K লেজার প্রজেকশন সিস্টেম, এর সাথে যুক্ত করা হয়েছে বিশ্বমানের Dolby Atmos 7.1 সাউন্ড সিস্টেম। পাশাপাশি পুরো সিনেমা হলটি সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত (Fully AC)। এছাড়া হলের সাথেই রয়েছে একটি চমৎকার ক্যাফে, যেখান থেকে দর্শকরা তাদের পছন্দমতো খাবার সংগ্রহ করতে পারবেন। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে। প্রতিদিন ৪টি করে শো প্রদর্শিত হবে। গত শনিবার উদ্বোধন হওয়ার পর সেখানে প্রদর্শিত হচ্ছে ঈদুল ফিতরে মুক্তি পাওয়া সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’ খুব শীঘ্রই প্রদর্শিত হবে সদ্য ঈদুল আযহায় মুক্তি পাওয়া শাকিব খান অভিনীত সিনেমা “রকস্টার”।






0 মন্তব্যসমূহ